ইন্টারনেটে কোনো নিউজ পোর্টাল বা ভিডিও স্ট্রিমিং সাইটে ঢোকার সময় আমরা প্রায়ই শেষে .tv লেখা দেখি। অনেকেই অবচেতনভাবে ধরে নেন, এটি হয়তো ‘টেলিভিশন’ (Television) শব্দের সংক্ষিপ্ত রূপ। কিন্তু সত্যটা হলো, এই ডোমেইনটির সাথে টেলিভিশনের সরাসরি কোনো জন্মগত সম্পর্ক নেই। এটি মূলত প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র টুভালু (Tuvalu)-র কান্ট্রি কোড। যেমন ধরেন, ইউএসএ-র .us বা ইউকে-র .uk কিংবা কিছুদিন আগে হওয়া বাংলাদেশের .bd।
অস্ট্রেলিয়া এবং হাওয়াইয়ের মাঝামাঝিতে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির মাঝে জেগে থাকা এক চিলতে ভূমি টুভালু। মাত্র ১২ হাজারের আশেপাশের জনসংখ্যা নিয়ে ২৬ বর্গকিলোমিটারের এই দেশটির কথা বিশ্ব হয়তো কোনোদিন জানতই না, যদি না ইন্টারনেটের নামকরণের ইতিহাসে একটি অদ্ভুত সমাপতন ঘটত। আজ বিশ্বের বড় বড় নিউজ নেটওয়ার্ক এবং স্ট্রিমিং জায়ান্টরা যে ডোমেইনটি ব্যবহার করছে, তার মালিকানা আসলে এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের হাতে।
১৯৮০-র দশকের শেষে যখন ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি (IANA) দেশভিত্তিক ডোমেইন (ccTLD) বরাদ্দ দিচ্ছিল, তখন টুভালু’র ভাগ্যে জোটে .tv ডোমেইন। এক প্রকার লটারি হাতে লাগার মতো অবস্থা। সেই সময় ইন্টারনেটের দুনিয়া ছিল একেবারেই শৈশবে। টুভালু যখন এই ডোমেইনটি পায়, তারা জানত না এটি তাদের জন্য আলাদিনের চেরাগ হয়ে আসবে।
১৯৯০-এর দশকের মাঝামাঝি যখন ভিডিও কন্টেন্ট এবং অনলাইন মিডিয়া জনপ্রিয় হতে শুরু করে, তখন ডট-কম (.com) ডোমেইনের ভিড়ে মিডিয়া কোম্পানিগুলো একটি বিশেষ পরিচয়ের খোঁজ করছিল। ঠিক তখনই বিশ্বের নজর পড়ে টুভালুর ওপর।
বিশ্বজুড়ে মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট কোম্পানিগুলো এই ডোমেইনটির প্রতি আগ্রহী হয়ে ওঠে। কারণ, এটি মনে রাখা সহজ এবং সরাসরি ভিডিও কন্টেন্টের সাথে মিলে যায়।
১৯৯৮ সালের দিকে টুভালু সরকার বুঝতে পারে তাদের এই দুই অক্ষরের ডোমেইনটি আসলে একটি ‘ডিজিটাল লটারি’। তারা এটি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯৯৮ তে একটি কানাডিয়ান কোম্পানির সাথে তাদের চুক্তি হয়। ১৯৯৯-২০০০ সালে ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানির সাথে টুভালু ৫০ মিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তি করে। ২০০২ সালে এটি নিয়ে নেয় Verisign কোম্পানি। তবে ২০২২ সালে তারা নতুন করে GoDaddy এর সাথে যুক্ত হয়।
মিডিয়া জগতে .tv ডোমেইনের উত্থান হয় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম Twitch কারণে। ২০০৭ সালে জাস্টিন কান (Justin Kan) এবং এমেট শিয়ার (Emmett Shear) নামে দুই আমেরিকান ভদ্রলোক Justin.tv নামে এটি শুরু করে। ২০১১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় Twitch বা twitch.tv। পরবর্তীতে ২০১৪ সালে অ্যামাজন এটি ক্রয় করার পর এর জনপ্রিয়তা তুঙ্গে উঠে। সাথে পরিচিতি পেতে থাকে .tv ডোমেইন।
‘Television’ শব্দের সাথে হুবহু মিল থাকায় মিডিয়া হাউজগুলোর কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। .com বা .net ডোমেইনের ভিড়ে ছোট ও অর্থবহ নাম পাওয়া কঠিন, সেখানে .tv ডোমেইনে এখনো অনেক ভালো নাম পাওয়া যায়। যদিও এটি একটি দেশের কোড, কিন্তু এটি সারা বিশ্বে জেনেরিক ডোমেইন হিসেবেই পরিচিতি পেয়েছে।
টুভালু এক সময় এতটাই অর্থশূন্য ছিল যে ২০ হাজার ডলারের সদস্যপদ ফি দিতে না পারায় তারা জাতিসংঘের সদস্য হতে পারছিল না। .tv থেকে আসা অর্থ দিয়ে তারা প্রথম এই ফি পরিশোধ করে। দ্বীপের প্রথম পাকা রাস্তা, স্কুল, হাসপাতাল এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর পেছনে সিংহভাগ অর্থই এসেছে এই ডোমেইন বিক্রি থেকে। তাদের জিডিপির একটি বড় অংশ (প্রায় ১০%) এখনো এই ডোমেইন বিক্রির লভ্যাংশ থেকে আসে।
বিশ্বজুড়ে বড় বড় নিউজ পোর্টালগুলো তাদের ভিডিও সেকশনের জন্য .tv বেছে নিচ্ছে। GoDaddy -র সাথে টুভালু সরকারের চুক্তির ফলে দেশটির বার্ষিক আয় আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় ৫ লক্ষাধিক ওয়েবসাইট .tv ডোমেইন ব্যবহার করছে।
কিন্তু, যে ডোমেইনটি টুভালুকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে, সেই দেশটির অস্তিত্ব আজ হুমকির মুখে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে টুভালু ধীরে ধীরে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞানীদের মতে, ২০৫০ থেকে ২১০০ সালের মধ্যে এই দেশটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যেতে পারে।
যদি টুভালু সশরীরে মানচিত্র থেকে মুছেও যায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ডিজিটাল অস্তিত্ব বা .tv ডোমেইনটি টিকে থাকতে পারে। টুভালু সরকার এখন তাদের দেশটিকে একটি “ডিজিটাল নেশন” হিসেবে ঘোষণা করার কথা ভাবছে। অর্থাৎ, দেশ না থাকলেও তাদের ডোমেইন, সংস্কৃতি এবং সরকারি নথিপত্র ইন্টারনেটের ক্লাউডে বেঁচে থাকবে।
টুভালু এখন মেটাভার্সে তাদের দ্বীপের হুবহু ডিজিটাল কপি তৈরি করছে, যাতে পরবর্তী প্রজন্ম তাদের জন্মভূমিকে অন্তত ভার্চুয়ালি দেখতে পারে।
টুভালু এবং .tv-র এই সম্পর্কটি প্রমাণ করে যে ডিজিটাল যুগে একটি ‘ইউনিক আইডেন্টিটি’ বা পরিচয় কত বেশি শক্তিশালী হতে পারে। একটি ক্ষুদ্র দেশ নিজের নাম দিয়ে সারা বিশ্বের মিডিয়া জগতকে নিয়ন্ত্রণ করছে। আধুনিক ইতিহাসের অন্যতম সেরা উদাহরণ টুভালু এবং .tv